পটুয়াখালীর কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির মাত্রা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। সর্বশেষ গত শনিবার (১৪ নভেম্বর) গভীর রাতে উপজেলার বাসস্ট্যান্ডসংলগ্ন চৌরাস্তা এলাকা থেকে একটি ট্রান্সফরমার চুরি হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, চুরি হওয়া ট্রান্সফরমারটির ক্ষমতা ৬ হাজার ৩৫০ ভোল্ট এবং এর বাজারমূল্য ৯০ হাজার ২২৫ টাকা।
কলাপাড়া পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মো. আবদুর রহমান বিএইচএস নিউজকে জানান, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত মহিপুর ও কলাপাড়া এলাকায় মোট ২০টি ট্রান্সফরমার এবং ৭৮ মিটার ক্যাবল চুরি হয়েছে। এসব মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৪ লাখ টাকা।
এ বিষয়ে কলাপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. জাকির হোসেন বিএইচএস নিউজকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো সংঘবদ্ধ চোর চক্র একের পর এক এসব অপকর্ম ঘটাচ্ছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের গ্রেপ্তার করা হবে বলে তিনি জানান।
