ভোলার লালমোহন উপজেলার কর্তারহাট-রায়চাঁদ সড়কের দুই পাশের চার শতাধিক গাছ অবৈধভাবে কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। গত সেপ্টেম্বর ও অক্টোবর মাসে এসব গাছ কাটা হয়েছে। কেটে নেওয়া গাছের মধ্যে রয়েছে আকাশমণি, রেইনট্রি, মেহগনি ও রোড চাম্বুল।
লালমোহন উপজেলা শহর থেকে ১০ কিলোমিটার দূরে রমাগঞ্জ ইউনিয়নে কর্তারহাট-রায়চাঁদ সড়কটি অবস্থিত। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দিনের পর দিন সড়কটি থেকে প্রকাশ্যে লাখ লাখ টাকার গাছ কেটে নেওয়া হলেও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। অভিযোগ উঠেছে রমাগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি মো. জসিমউদ্দীন ও তাঁর সহযোগী স্বেচ্ছাসেবক দলের নেতা মো. মাসুমের বিরুদ্ধে। তবে চলতি মাস থেকে গাছ কাটা বন্ধ আছে।
গাছ কাটার অভিযোগ ওঠার পর মো. জসিমউদ্দীনকে দল থেকে বহিষ্কার করেছে ভোলা জেলা যুবদল। জেলা যুবদলের সভাপতি মো. জামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. আবদুল কাদের স্বাক্ষরিত গত ৩১ অক্টোবরের এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) লালমোহন কার্যালয় সূত্রে জানা যায়, প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে কর্তারহাট-রায়চাঁদ সড়কটি ১২ ফুট থেকে ১৮ ফুটে সম্প্রসারণের কাজ চলছে। পাঁচ কিলোমিটার দীর্ঘ এ সড়ক সম্প্রসারণের কাজে বাধা সৃষ্টি করা ২৪টি গাছ কাটার অনুমোদন চেয়ে এলজিইডির পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করা হয়েছে। তবে এখন পর্যন্ত গাছ কাটার জন্য কোনো দরপত্র আহ্বান করা হয়নি। এরই মধ্যে চার শতাধিক গাছ কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
প্রাথমিক তদন্তে ৬৪টি গাছ কাটার তথ্য পাওয়া গেছে বলে জানান লালমোহনের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফাত বিন সাদেক। তিনি বলেন, কেটে নেওয়া গাছের প্রকৃত সংখ্যা নির্ধারণে বন বিভাগের আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে আবার জরিপ করা হবে। গাছ কাটার ঘটনায় জেলা প্রশাসক বন বিভাগের এক কর্মকর্তাকে আহ্বায়ক করে তদন্ত কমিটি গঠন করেছেন। তদন্তে অবৈধভাবে গাছ কাটার প্রমাণ পাওয়া গেলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় বাসিন্দারা জানান, ১৯৯৬ থেকে ২০০২ সালের মধ্যে রমাগঞ্জ ইউনিয়ন পরিষদের উদ্যোগে এবং বন বিভাগের সহযোগিতায় সড়কটির দুই পাশে প্রায় দুই হাজার গাছ লাগানো হয়। ১ নভেম্বর সকালে সড়কটি ঘুরে দেখা যায়, পাঁচ কিলোমিটার সড়কের এক পাশ প্রায় গাছশূন্য। সড়কের দুই পাশ মিলিয়ে ২২০টির বেশি গাছের গুঁড়ি এখনো দৃশ্যমান। সেই সঙ্গে কাটা গাছের আরও প্রায় ২০০টি গোড়া মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। সড়কের পাঁচ কিলোমিটার অংশে সাড়ে নয় শতাধিক গাছ এখনো দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
গাছ কাটার অভিযোগের বিষয়ে জানতে চাইলে সদ্য বহিষ্কৃত মো. জসিমউদ্দীন বলেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে তাঁর বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ তোলা হয়েছে। তিনি দাবি করেন, তাঁর কাছে প্রমাণ আছে, বিএনপি ও এর সহযোগী সংগঠনের অনেকেই গাছ কেটেছেন। তাঁর দাবি, বিএনপি নেতা খাইরুল ইসলাম তিনটি গাছ নিজের মুরগির খামারে নিয়ে গেছেন। এ দাবি প্রত্যাখ্যান করে খাইরুল ইসলাম বলেন, তাঁর খামার এক বছরের বেশি আগে নির্মিত, সেখানে গাছ নেওয়ার প্রয়োজন হয়নি।
সড়কের পাশের কয়েকটি করাতকল ঘুরে সদ্য কাটা গাছের গুঁড়ি পড়ে থাকতে দেখা গেছে। সবচেয়ে বেশি গাছ রাখা হয়েছে রায়চাঁদ বাজারের পূর্ব-দক্ষিণে বেতুয়া খালের তীরে মো. শাহাবুদ্দিনের করাতকলে। করাতকলটির মালিক শাহাবুদ্দিন বলেন, শ্রমিকেরা কাটা গাছ এনে তাঁর করাতকলে রেখেছেন। কে বা কারা এসব গাছের মালিক, তা তিনি জানেন না।
পরিবেশবিষয়ক আন্দোলনের কর্মী ও সুশাসনের জন্য নাগরিকের (সুজন) ভোলা শাখার সভাপতি মোবাশ্বির উল্লাহ চৌধুরী বলেন, শুধু দলীয় বহিষ্কার নয়, অপরাধ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের শাস্তির আওতায় আনতে হবে। পাশাপাশি তদন্তের মাধ্যমে গাছের প্রকৃত মালিকানা নির্ধারণ করে সরকারি সম্পদ যথাযথভাবে রক্ষা করতে হবে।
