পিরোজপুরের জিয়ানগরে সুপারি ও কলা চুরির অভিযোগে ৭৫ বছর বয়সী এক মানসিকভাবে অসুস্থ বৃদ্ধকে মারধর করে কোমরে শিকল বেঁধে তালাবদ্ধ এবং গলায় কলা-সুপারি ঝুলিয়ে গ্রাম ঘোরানোর অভিযোগ উঠেছে এলাকাবাসীর বিরুদ্ধে।
সোমবার (১৬ নভেম্বর) সকালে উপজেলার ৪ নং ইন্দুরকানী সদর ইউনিয়নের কালাইয়া গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী বৃদ্ধের নাম রুহুল আমিন। তিনি হতরিদ্র এবং মানসিকভাবে ভারসাম্যহীন।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দিনগত রাতে প্রতিবেশী হাফেজ আব্দুল হালিমের বাড়ি থেকে এক ছড়া সুপারি ও এক ছড়া কলা চুরির সময় স্থানীয়দের কাছে হাতেনাতে ধরা পড়ে রুহুল আমিন। পরে সোমবার সকালে স্থানীয়রা জড়ো হয়ে তাকে গলায় সুপারি ও কলা ঝুলিয়ে এলাকা ঘোরানোর দাবি তোলেন। এসময় কালাইয়া গ্রামের নাসির উদ্দীনের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি তাঁকে মারধর করেন। পরে তাঁর কোমরে শিকল বেঁধে তালাবদ্ধ করে গলায় ওই কলা ও সুপারি ঝুলিয়ে গ্রামে ঘোরানো হয়। এ ঘটনার একটি ভিডিও সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি দেখে নেটিজেনরা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছেন।
এ বিষয়ে কালাইয়া গ্রামের নাসির উদ্দীন জানান, রুহুল আমিন গ্রামে প্রায়ই এরকম চুরি করে। তাকে এলাকাবাসী কয়েকবার ধরে কয়েকবার থানায় দিয়েছে। আমি তাকে থানা থেকে সুপারিশ করে নিয়ে এসেছি। গতকাল চুরি করে ধরা খাওয়ার পরে উৎসুক জনতা তাকে গলায় কলা-সুপারি ঝুলিয়ে গ্রাম ঘোরানোর দাবি জানালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা তাকে গ্রাম ঘোরায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইন্দুরকানী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার ইমন বলেন, রুহুল আমিন মানসিকভাবে অসুস্থ ও হতদরিদ্র। দরিদ্রতার কারনে মাঝেমধ্যে মানুষের কলা, কচু ও সুপারি না বলে নিয়ে যান। সামান্য অপরাধে তার সাথে যে অমানবিক আচরণ করা হয়েছে সেটা ঠিক হয়নি। আমি বিষয়টি শুনে তার বাড়িতে কিছু খাবার পাঠানোর ব্যবস্থা করেছি। এছাড়াও তাকে এ ধরনের কাজ থেকে বিরত থাকতে বলেছি।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান বলেন, আজ সকালে বৃদ্ধকে গলায় কলা-সুপারি ঝুলিয়ে ঘেরানোর ভিডিওটি ফেসবুকের মাধ্যমে দেখেছি। ঘটনাটি তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ প্রদান সাপেক্ষে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
