এইমাত্র
বরিশাল জেলা

নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ববিতে শিক্ষকদের মানববন্ধন

সারা দেশে নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষকরা সমাবেশ ও মানববন্ধন করেছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১-এর নিচতলায় শিক্ষকরা এ কর্মসূচি পালন করেন। এ সময় তারা নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনাকারীদের কঠোর হস্তে দমন করার দাবি জানান।

সমাবেশ ও মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির, প্রক্টর মেহেদী হাসান সোহাগ, অধ্যাপক ছাদেকুর রহমান, সহকারী অধ্যাপক সিরাজিস সাদিক, সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল-মামুন, সহকারী প্রক্টর ও প্রভাষক ড. গাজী মো. সাখাওয়াত হোসেন এবং সহকারী প্রক্টর মিনহাজুল ইসলামসহ অন্য শিক্ষকরা।

মানববন্ধনে বক্তারা বলেন, সারা দেশে পরাজিত ফ্যাসিস্ট গোষ্ঠী সন্ত্রাসী কর্মকাণ্ড ও নানা অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। দেশের জনগণ এসব অপতৎপরতা প্রতিহত করবে বলে তারা মন্তব্য করেন। বক্তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সহযোগিতার আহ্বান জানান।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির বলেন, দেশ থেকে পালিয়ে যাওয়া পরাজিত শক্তি আবার মাথা চাড়া দিয়ে উঠছে এবং পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে উসকানিমূলক বক্তব্য দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। গোপালগঞ্জসহ বিভিন্ন জায়গায় সাম্প্রতিক ভাঙচুরের ঘটনা এর উদাহরণ বলে তিনি উল্লেখ করেন। শিক্ষকরা সরকারের কাছে নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোর হস্তে দমন করে দেশের মানুষকে শান্তি ও শৃঙ্খলা উপহার দেওয়ার দাবি জানান।