ভোলার চরফ্যাশন উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ মুজিবনগরে কৃষকের ধান লুট, চুরি ও জমি দখলের অভিযোগে অভিযুক্ত খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরে দুলারহাট বাজার থেকে ধান লুটের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
মুজিবনগরের বাসিন্দা হারিস বেপারী বাদী হয়ে খোকনসহ চারজনের বিরুদ্ধে ধান লুটের অভিযোগে মামলা করেন। ওই মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে খোকনকে গ্রেপ্তার করে।
দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন আলম চৌধুরী বিএইচএস নিউজকে জানান, খোকন এলাকায় ‘চোরা খোকন’ নামে পরিচিত। তার বিরুদ্ধে চুরি ও অন্যের জমি দখলসহ একাধিক মামলা রয়েছে। তার অত্যাচারে মুজিবনগরের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে খোকন ও তার সহযোগীদের ভয়ে কৃষকরা জমিতে ফসল ফলানো থেকে শুরু করে ঘরে ধান তোলা পর্যন্ত নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। বিভিন্ন সময়ে কৃষকের উৎপাদিত ধান লুট ও জমি দখলের পাশাপাশি অস্ত্রের ভয় দেখিয়ে মালামাল ছিনিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। খোকনের গ্রেপ্তারের খবরে মুজিবনগরের কৃষক ও সাধারণ মানুষের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। এলাকাবাসীর প্রত্যাশা, শুধু খোকন নয়, তার সঙ্গে জড়িত অন্য অভিযুক্তদেরও তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনা হবে।
