ভ্রাতৃত্ব, ঐক্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে পটুয়াখালীর কলাপাড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাঙালির চিরায়ত ঐতিহ্যবাহী নবান্ন উৎসব। নতুন ধানের ঘ্রাণ, গ্রামবাংলার লোকজ সংস্কৃতি, পিঠা-পুলি, নাচ-গান ও বর্ণাঢ্য শোভাযাত্রায় উৎসবমুখর হয়ে ওঠে পুরো আয়োজন।
বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা সার্বজনীন শ্রী শ্রী মতুয়া হরি মন্দির প্রাঙ্গণে এ উৎসবের আয়োজন করা হয়।
উৎসব উপলক্ষে মন্দির প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পাখিমারা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে বিভিন্ন বয়সী নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
পরে ঘরে ঘরে নতুন ধান তোলার ঐতিহ্যবাহী আনুষ্ঠানিকতা পালন করা হয়। পাশাপাশি মন্দির প্রাঙ্গণে তৈরি করা হয় নানা ধরনের মুখরোচক পিঠা-পুলি। সনাতনী নারীদের শঙ্খধ্বনি ও উলুধ্বনি এবং ঢাক-ঢোলের বাদ্যে পুরো আয়োজন হয়ে ওঠে প্রাণবন্ত ও আনন্দমুখর।
নতুন ধানের ঘ্রাণ, ঐতিহ্যবাহী পিঠা-পুলির পরিবেশন এবং নাচ-গানের মধ্য দিয়ে ফুটে ওঠে গ্রামবাংলার চিরচেনা সাংস্কৃতিক আবহ। নবান্ন উৎসবের মধ্য দিয়ে নতুন ফসলের আগমনকে স্বাগত জানানোর পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।
