কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নৈরাজ্য, সহিংসতা ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে ভোলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নবগঠিত জেলা যুবদল।
বুধবার (১৮ নভেম্বর) সকালে ভোলা সদর রোডে জেলা যুবদলের কার্যালয়ের সামনে সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে নবগঠিত জেলা যুবদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ভোলা সদর রোড, বাংলা স্কুল মোড়, নতুনবাজার, সরকারি স্কুল মোড় ও কালিনাথ বাজার হয়ে পুনরায় জেলা যুবদলের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন নবগঠিত জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম ফেরদৌস। সঞ্চালনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব রাইসুল আলম।
সমাবেশে বক্তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশে যখন স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসছে, তখন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নানা নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। যেকোনো ধরনের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সর্বস্তরের জনগণকে সজাগ থাকার আহ্বান জানান তারা।
জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম ফেরদৌস বলেন, ভোলার মাটিতে কোনো নাশকতাকারীকে দাঁড়াতে দেওয়া হবে না। যারা আড়ালে থেকে আগুন-সন্ত্রাস করে মানুষের জানমালের ক্ষতি করতে চায়, তাদের বিরুদ্ধে যুবদল রাজপথে ছিল, আছে, থাকবে।
জেলা বিএনপির সদস্যসচিব রাইসুল আলম বলেন, আওয়ামী লীগ দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে নৈরাজ্য ও সহিংসতা চালাচ্ছে। আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
এদিকে ভোলা জেলা যুবদলের নবগঠিত কমিটি ঘোষণা করায় বিএনপির চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী তারেক রহমান, কেন্দ্রীয় যুবদলের সভাপতি মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এবং ভোলা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর ও সাধারণ সম্পাদক রাইসুল আলমকে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা মিছিল করে যুবদলের নেতৃবৃন্দ।
