এইমাত্র
ঝালকাঠি

নাচনমহল বাজারে আগুনে পুড়ল ৬ দোকান

ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল বাজারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে বাজারের জহুরুল মার্কেট এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। এতে আনুমানিক ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাজারের বাপ্পির দোকান থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর কাজ শুরু করলে দোকানগুলোতে বিক্রির জন্য মজুত বোতলজাত পেট্রোল-অকটেন ও গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুনের লেলিহান শিখা আরও বেড়ে যায়।

খবর পেয়ে নলছিটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে দমকলকর্মীরা পৌঁছানোর আগেই আগুনে ভস্মীভূত হয় ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠান।

নলছিটি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মফিজুর রহমান বিএইচএস নিউজকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত। এতে ছয়টি দোকান পুড়ে গেছে এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আনুমানিক ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতির কথা জানিয়েছেন।