বৃষ্টি উপেক্ষা করে দিনভর নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বরিশালে উদযাপিত হলো শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের (এসবিএমসি) ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী—এসবিএমসি ডে। দেশ-বিদেশের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলায় মুখরিত হয়ে ওঠে মহাবিদ্যালয় ক্যাম্পাস।
শুক্রবার সকাল ১০টায় শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি অধ্যাপক ডা. রফিকুল কবির লাবুর নেতৃত্বে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। পরে সকাল সাড়ে ১০টায় বের করা হয় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। শোভাযাত্রাটি কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে বান্দ রোড প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়।
বেলা সাড়ে ১১টায় কলেজের মুক্তমঞ্চে কেক কাটা ও স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অধ্যাপক ডা. রফিকুল কবির লাবু। অনুষ্ঠানে বক্তব্য ও স্মৃতিচারণ করেন সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, প্রথম ব্যাচের ছাত্রী অধ্যাপক ডা. খাদিজা, অধ্যাপক ডা. মিনতি অধিকারী, অধ্যাপক ডা. মিজানুর রহমানসহ কলেজের ১ম থেকে ৫৭তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা।
সন্ধ্যায় বরিশাল শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে নিগার সুলতানা সুমির নেতৃত্বাধীন দেশের জনপ্রিয় ফোক-রক ও ফিউশন ব্যান্ড ‘লালন’ সংগীত পরিবেশন করে।
সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম বিএইচএস নিউজকে জানান, এবারের আয়োজনে কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, ইন্টার্ন চিকিৎসক, শিক্ষকবৃন্দ এবং দেশ-বিদেশে কর্মরত চিকিৎসকসহ আনুমানিক ১ হাজার ৫০০ জন অংশগ্রহণ করেন।
সমিতির সভাপতি অধ্যাপক ডা. রফিকুল কবির লাবু বিএইচএস নিউজকে বলেন, “এসবিএমসি ডে কেবল একটি বার্ষিক উদযাপন নয়; এটি প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে আত্মিক বন্ধন, বন্ধুত্ব, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের এক অনন্য মিলনমেলা। সময়ের পরিক্রমায় ছড়িয়ে পড়া সহপাঠীদের আবারও একত্রিত করা, ছাত্রজীবনের স্মৃতিকে নতুন করে জাগিয়ে তোলা এবং প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানের ঐতিহ্য ও গৌরবকে ধারণ করাই এ আয়োজনের মূল লক্ষ্য।”
