টানা দুই দিনের বৃষ্টিতে স্থবির হয়ে পড়েছে ঝালকাঠির জনজীবন। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া বৃষ্টি শুক্রবারও থেমে থেমে চলছে। এতে পৌর শহরসহ জেলার বিভিন্ন এলাকায় স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিন এনে দিন খাওয়া মানুষ।
শুক্রবার শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বৃষ্টির মধ্যে যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে আছেন রিকশা ও অটোরিকশাচালকেরা। যাত্রী না থাকায় তাঁদের আয় তলানিতে ঠেকেছে। ঘণ্টার পর ঘণ্টা বৃষ্টিতে ভিজে অপেক্ষা করেও কাঙ্ক্ষিত যাত্রী মিলছে না। এতে সংসার চালানো নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন শ্রমজীবী মানুষেরা।
বৃষ্টির কারণে ক্রেতা ও পথচারীর সংখ্যা কমে যাওয়ায় ক্ষুদ্র ব্যবসায়ীরাও বিপাকে পড়েছেন। শহরের সড়কগুলোতে নেই প্রতিদিনের চিরচেনা ব্যস্ততা।
খেয়াঘাটগুলোতেও দুর্ভোগের চিত্র দেখা গেছে। বিশেষ করে নলছিটি থেকে ঝালকাঠি শহরে আসা মানুষদের বৃষ্টির মধ্যে খেয়া পারাপারে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। তবু জীবিকার তাগিদে সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে মানুষকে খেয়া পার হতে দেখা গেছে।
