এইমাত্র
বরিশাল সদর

বরিশাল কেন্দ্রীয় কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দী

বরিশাল কেন্দ্রীয় কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি বন্দী রয়েছেন। ৬৫০ জনের ধারণক্ষমতার বিপরীতে বর্তমানে কারাগারটিতে প্রায় ১ হাজার ৪০০ বন্দী রয়েছেন। অর্থাৎ ধারণক্ষমতার তুলনায় ১১৫ শতাংশ বেশি বন্দী রয়েছেন সেখানে। এতে কারাগারের আবাসন ও ব্যবস্থাপনায় বাড়তি চাপ তৈরি হয়েছে।

বরিশাল কেন্দ্রীয় কারাগারের ভারপ্রাপ্ত জেলার আবু ইউসুফ বিএইচএস নিউজকে জানান, গত কয়েক দিনে কারাগারে বন্দীর সংখ্যা বেড়েছে। এতে চাপ তৈরি হলেও বন্দীদের নিরাপত্তা ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কাজ করছেন তাঁরা।

একই পরিস্থিতি দেশের আরও কয়েকটি কেন্দ্রীয় কারাগারে। কুমিল্লা কেন্দ্রীয় কারাগারেও ধারণক্ষমতার তুলনায় ১৩৩ শতাংশ বেশি বন্দী রয়েছেন। কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের তথ্য অনুযায়ী, সেখানে বর্তমানে ৪ হাজার ২০০ বন্দী রয়েছেন। অথচ কারাগারটির ধারণক্ষমতা ১ হাজার ৮০০ জন।

কুমিল্লার সিনিয়র জেল সুপার মো. শাহ আলম বলেন, গত ১৫ দিনে কারাগারে বন্দীর সংখ্যা বেড়েছে। এতে আবাসন ও কারা ব্যবস্থাপনায় কিছুটা চাপ তৈরি হয়েছে। তবে বন্দীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কাজ করছে কারা কর্তৃপক্ষ। তিনি জানান, বুধবার (১৮ নভেম্বর) বন্দীদের জন্য নতুন একটি কারাগার ভবন চালু করা হয়েছে। এতে বন্দী ধারণক্ষমতা বেড়ে ৬ হাজারের বেশি হয়েছে। এ ছাড়া অসুস্থ ও বয়স্ক বন্দীদের চিকিৎসা ও পরিচর্যার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, গ্রেপ্তার ব্যক্তিদের অধিকাংশ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মী।

এদিকে রংপুর কেন্দ্রীয় কারাগারের বর্তমান বন্দীর সংখ্যা জানা যায়নি। কারাগারটির ধারণক্ষমতা ৮৭৫ জন। এর মধ্যে পুরুষ বন্দীর জন্য ৮৩১টি এবং নারী বন্দীর জন্য ৪৪টি আসন রয়েছে। বর্তমানে কারাগারটিতে কতজন বন্দী রয়েছেন, জানতে চাইলে জেলার মো. জুবায়ের এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।