এইমাত্র
বরিশাল সদর

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতা বহিষ্কার

সাংগঠনিক নিষ্ক্রিয়তা ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ছাত্রদলের ১৩ নেতাকে সাময়িকভাবে বহিষ্কার করেছে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।

শনিবার (২১ নভেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কারের এ তথ্য জানানো হয়। কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

প্রথম বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক নিষ্ক্রিয়তার কারণে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ১২ নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন সহসভাপতি মো. রাকিবুল ইসলাম, মো. আসিক উজ্জামান, আব্দুল্লাহ হিল আদিব, মো. সুজন ও সোহেল রানা; যুগ্ম সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন ও আরমান হোসেন; সহ-সাধারণ সম্পাদক হাসিবুর রহমান শেখ; সহ-সাংগঠনিক সম্পাদক শাহ তাকবীর আহমেদ সিয়াম; সহ-আইন সম্পাদক মো. রাকিব; সহ-তথ্য ও গবেষণা সম্পাদক হৃদয় তালুকদার এবং আপ্যায়ন সম্পাদক নজরুল ইসলাম সোহাগ।

অন্যদিকে পৃথক আরেকটি বিজ্ঞপ্তিতে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আজমাইন সাকিবকে সাময়িক বহিষ্কারের কথা জানানো হয়েছে। অর্থাৎ মোট ১৩ জন নেতা বহিষ্কার হয়েছেন।

বিজ্ঞপ্তি দুটিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী এসব নেতাকে সংগঠনের পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন।