এইমাত্র
বরিশাল সদর

অন্তুর ছাত্রত্ব ফেরতের দাবিতে বরিশালে সংহতি সমাবেশ

বরিশালের ডিডাব্লিউএফ ও আইএসিআইবি নার্সিং কলেজের শিক্ষার্থী অন্তু বিশ্বাসের ছাত্রত্ব পুনর্বহাল এবং তাঁর ওপর হামলার ঘটনার বিচারের দাবিতে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) নগরীর অশ্বিনী কুমার হলের সামনে প্রগতিশীল ছাত্র সংগঠনসমূহের ব্যানারে এ সমাবেশ হয়। সমাবেশ থেকে ইনস্টিটিউটের পরিচালক জহিরুল ইসলামকে গ্রেপ্তারের দাবি জানানো হয়।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার আহ্বায়ক সুজন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্তু বিশ্বাসের ছাত্রত্ব বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করে ছাত্রত্ব ফিরিয়ে দেওয়া এবং আইএসিআইবি নার্সিং ইনস্টিটিউটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান বক্তারা।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বরিশাল নগরের ডিডাব্লিউএফ ও আইএসিআইবি নার্সিং কলেজ কর্তৃপক্ষের শিক্ষার্থীদের অর্থ আত্মসাতের বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দেন অন্তু বিশ্বাস। ওই আন্দোলনের মুখে আত্মসাৎ করা অর্থ শিক্ষার্থীদের ফেরত দিতে বাধ্য হয় কলেজ কর্তৃপক্ষ। এরপর আদালত স্বপ্রণোদিত হয়ে জহিরুল ইসলামসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করেন। বক্তাদের দাবি, আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের কোনো ধরনের হয়রানি করা হবে না বলে তখন একটি অঙ্গীকারনামায় স্বাক্ষর করে কলেজ কর্তৃপক্ষ। কিন্তু সেই অঙ্গীকার ভঙ্গ করে কারণ দর্শানোর কোনো সুযোগ না দিয়েই নিয়মবহির্ভূতভাবে অন্তু বিশ্বাসের ছাত্রত্ব বাতিল করা হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে কলেজে অবস্থান কর্মসূচি পালন করতে গেলে অন্তুর ওপর হামলা চালানো হয় বলেও অভিযোগ করেন তারা।

বক্তারা আরও বলেন, নিজস্ব অবকাঠামো ও প্রশাসনিক কাঠামো না থাকা এবং নার্সিং কাউন্সিলের বিধি অমান্য করার অভিযোগ থাকলেও আইএসিআইবি নার্সিং ইনস্টিটিউটের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অবিলম্বে ছাত্রত্ব বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার ও জহিরুল ইসলামকে গ্রেপ্তারের দাবি জানান তারা।

সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন ট্রেড ইউনিয়ন কেন্দ্র বরিশাল জেলা সভাপতি অ্যাডভোকেট এ কে আজাদ, বাসদ বরিশাল জেলা সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুজয় শুভ, ছাত্র ইউনিয়ন বরিশাল জেলা সংসদের সদস্য সাজ্জাদুল ইসলাম রুদ্র, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ভূমিকা সরকার এবং নার্সিং শিক্ষার্থী ফাহিম আহমেদ ও মো. নাঈম।