এইমাত্র
ঝালকাঠি

নলছিটিতে ১১ কোটি টাকা ব্যয়ে পাঁচটি পিচঢালা সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি ইলেন ভূট্টো

ঝালকাঠির নলছিটিতে প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে পাঁচটি পিচঢালা সড়কের নির্মাণকাজ শুরু হয়েছে। শনিবার (২১ নভেম্বর) ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্টো নির্মাণকাজের উদ্বোধন করেন।

এলজিইডি কর্তৃপক্ষ জানায়, ১০ কোটি ৮১ লাখ টাকা বরাদ্দে প্রায় সাড়ে ছয় কিলোমিটার পিচঢালা সড়ক নির্মাণ করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। পাঁচটি সড়কের নির্মাণকাজের ফলক উন্মোচন করে দোয়া মোনাজাতে অংশ নেন সংসদ সদস্য।

সড়কগুলো হচ্ছে ভোজপুর থেকে বাইতারা খেয়াঘাট সড়ক, ইছাপাশা বালিকা বিদ্যালয় থেকে কামদেবপুর মাদরাসা সড়ক, সাধুরহাট থেকে গুচ্ছগ্রাম হয়ে কামদেবপুর সড়ক, বিশ্বাববাড়ি থেকে ফকিরবাড়ি সড়ক এবং ফকিরবাড়ি থেকে ডাক্তার বাড়ি পর্যন্ত সড়ক।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন ঝালকাঠির এলজিইডির নির্বাহী প্রকৌশলী কাজী মাহামুদুল্লাহ, নলছিটি উপজেলা এলজিইডির প্রকৌশলী নুরুজামান মামুন, নলছিটি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলাল, বিএনপি নেতা আব্দুল আজিজ খলিফা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্না, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট কাজের ঠিকাদাররা।

এলজিইডি কর্তৃপক্ষ জানায়, নলছিটি উপজেলায় ৩৫২ কিলোমিটার কাঁচা সড়ক রয়েছে। এর মধ্যে জনগুরুত্বপূর্ণ বিবেচনায় পাঁচটি গুরুত্বপূর্ণ সড়ক পিচঢালা করার কাজ শুরু করেছে এলজিইডি কর্তৃপক্ষ।