এইমাত্র
বরগুনা

তালতলীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৫ সন্তানের জননীর অনশন

বরগুনার তালতলীতে বিয়ের দাবিতে কথিত প্রেমিক বেলাল গাজীর বাড়িতে অনশনে বসেছেন পাঁচ সন্তানের এক জননী।

শুক্রবার (২০ নভেম্বর) বিকালে উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়নের গেন্ডামারা গ্রামে এ ঘটনা ঘটে। অনশনে বসা ওই নারী শুক্রবার সন্ধ্যায় মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ তুলেছেন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে শনিবার সকালে তালতলী হাসপাতালে ভর্তি করেন।

জানা গেছে, অনশনরত ওই নারীর প্রথম সংসারে তিন সন্তান ছিল। এরপর স্থানীয় জয়নাল হাওলাদারের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। ওই সংসারে আরও দুই সন্তানের জন্ম হয়। সব মিলিয়ে পাঁচ সন্তানের জননী তিনি।

গত বছর একই এলাকার বেলাল গাজী পার্শ্ববর্তী জয়নাল হাওলাদারের বাড়িতে হাইব্রিড ধানের চাষ করেন। ধান চাষের সুবাদে জয়নাল হাওলাদারের বাড়িতে বেলাল গাজী নিয়মিত যাতায়াত করতেন। যাতায়াতের সূত্র ধরে ওই নারীর সঙ্গে বেলালের ঘনিষ্ঠতা তৈরি হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে বেলাল গাজী তাঁকে বিয়ের আশ্বাস দিয়ে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন বলে ওই নারীর অভিযোগ।

ওই নারী জানান, বেলাল বিয়ের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন না করায় তিনি তাঁর বাড়িতে অনশনে বসেন। সন্ধ্যার পরে বেলালের স্ত্রী ও এক প্রতিবেশীসহ কয়েকজন তাঁকে মারধর করেন বলে তিনি অভিযোগ করেন।