এইমাত্র
ভোলা

ভোলায় জাতীয় শিক্ষক ফোরামের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ভোলা শহরের একটি রেস্টুরেন্টে শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় জাতীয় শিক্ষক ফোরাম ভোলা জেলা উত্তর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে বক্তারা বলেন, শিক্ষকরা জাতি গড়ার কারিগর। শিক্ষকদের যথাযথ মর্যাদা ও মূল্যায়ন নিশ্চিত না হলে দেশের শিক্ষাব্যবস্থা ও ভবিষ্যৎ হুমকির মুখে পড়বে। এমপিওভুক্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ, শিক্ষা কারিকুলামের সব অসঙ্গতি দূর করা এবং শিক্ষার সব স্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করাসহ কেন্দ্র ঘোষিত ১৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

জেলা উত্তর শাখার সভাপতি মাওলানা আব্দুর রহমান চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি এ বি এম জাকারিয়া। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রংপুর অঞ্চল) এমএম নুরুল ইসলাম এবং বিশেষ বক্তা ছিলেন ভোলা সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মো. নাসির আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম তারেক, জয়েন্ট সেক্রেটারি মুফতি আব্দুল মোমেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সেক্রেটারি মাওলানা বেলাল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

সম্মেলনের শেষ পর্যায়ে আগামী দুই বছরের জন্য জাতীয় শিক্ষক ফোরাম ভোলা জেলা উত্তর শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। আলহাজ্ব আব্দুর রহমান চৌধুরীকে সভাপতি, মাস্টার হাবিবুর রহমান ও শামসুল আলম চৌধুরীকে সহ-সভাপতি, প্রভাষক মেহেদী হাসানকে সেক্রেটারি এবং আবুল কালাম আজাদকে জয়েন্ট সেক্রেটারি করে এ কমিটি ঘোষণা করা হয়।