এইমাত্র
পটুয়াখালী

কুয়াকাটায় কাল থেকে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী রাস উৎসব

পটুয়াখালীর কুয়াকাটা ও কলাপাড়ায় আগামীকাল সোমবার (২৩ নভেম্বর) থেকে শুরু হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের শত বছরের ঐতিহ্যবাহী ধর্মীয় আয়োজন রাস উৎসব ও রাসমেলা। পাঁচ দিনব্যাপী এ উৎসবকে কেন্দ্র করে কুয়াকাটার শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির ও কলাপাড়ার শ্রী শ্রী মদনমোহন সেবাশ্রমে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

মন্দির প্রাঙ্গণ সাজানো হয়েছে নতুন সাজে। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কারিগরদের রংতুলির নিপুণ ছোঁয়ায় নতুন রূপ পাচ্ছে ১৭ জোড়া যুগল প্রতিমা। প্যান্ডেল সাজানো এবং মন্দির প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজও প্রায় শেষ পর্যায়ে। তবে টানা পাঁচ দিনের বৃষ্টিতে প্রস্তুতির কাজে কিছুটা বিঘ্ন ঘটেছে।

সোমবার বিকেলে অধিবাসের মধ্য দিয়ে রাসপূজা শুরু হবে। রাতে কুয়াকাটার রাধাকৃষ্ণ মন্দিরে অনুষ্ঠিত হবে সংগীতানুষ্ঠান, ভাগবত পাঠ ও মহানাম কীর্তন। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে কুয়াকাটা সমুদ্রসৈকতে অনুষ্ঠিত হবে পুণ্যস্নান বা গঙ্গাস্নান। এরপর মঙ্গলবার বিকেল থেকে কলাপাড়ার শ্রী শ্রী মদনমোহন সেবাশ্রম প্রাঙ্গণে শুরু হবে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী রাসমেলা। মেলাকে কেন্দ্র করে কুয়াকাটা সমুদ্রসৈকত এলাকায় বসবে সহস্রাধিক অস্থায়ী দোকান।

প্রায় আড়াইশ বছর ধরে কুয়াকাটায় এ উৎসব উদযাপন করে আসছেন সনাতন ধর্মাবলম্বীরা। আয়োজক ও প্রশাসনের আশা, পাঁচ দিনে দেড় থেকে দুই লাখ পুণ্যার্থীর সমাগম ঘটবে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান বিএইচএস নিউজকে জানান, রাস উৎসব উপলক্ষে কুয়াকাটায় দেড় থেকে দুই লাখ পুণ্যার্থীর আগমন ঘটবে বলে আশা করা হচ্ছে। তাদের নিরাপত্তায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আগতদের জন্য নিরাপদ পানীয় জল ও মোবাইল টয়লেটের ব্যবস্থা করা হয়েছে।

উৎসব চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা-পুলিশ, নৌ-পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবকরা মাঠে দায়িত্ব পালন করবেন।

এদিকে মতুয়া সম্প্রদায়ের অনুসারীরাও পৃথকভাবে রাস উৎসব উদযাপনের প্রস্তুতি নিয়েছেন। পর্যটন হলিডে হোমসের মাঠ প্রাঙ্গণে রাতভর সংগীতানুষ্ঠান, ভাবগীত পাঠ ও কীর্তনের আয়োজন করা হয়েছে। আগামী ২৩ নভেম্বর সেখানে অনুষ্ঠিত হবে ২২তম মতুয়া মহাসম্মেলন ও পুণ্যস্নান।