বরিশালের মুলাদী উপজেলায় বিএনপির একটি ওয়ার্ড কার্যালয়ের সামনে ককটেল হামলার ঘটনা ঘটেছে। শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কাজিরচর ইউনিয়নের চরকমিশনার গ্রামের বাদামতলা এলাকায় এ ঘটনা ঘটে।
দুর্বৃত্তরা কার্যালয়ের সামনে দুই থেকে তিনটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়, আরেকটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে ছিল। খবর পেয়ে রোববার (২২ নভেম্বর) সকাল ১০টার দিকে মুলাদী থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসুদুর রহমান ঘটনাস্থলে গিয়ে অবিস্ফোরিত ককটেলটি উদ্ধার করে থানায় নিয়ে নিষ্ক্রিয় করেন।
এ ঘটনায় কেউ হতাহত হয়নি, তবে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
কয়েক মাস আগে কাজিরচর ইউনিয়ন বিএনপির নেতা মো. কামাল সরদার বাদামতলা এলাকায় ওয়ার্ড কার্যালয়টি স্থাপন করেন। তিনি ওই ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী।
বিএনপি নেতা মো. কামাল সরদার বিএইচএস নিউজকে বলেন, রাতের আঁধারে দুর্বৃত্তরা কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। কারা এবং কেন এ ঘটনা ঘটিয়েছে, তা তিনি বুঝতে পারছেন না। এ ঘটনায় নেতাকর্মীরা আতঙ্কে আছেন বলে জানান তিনি।
চরকমিশনার গ্রামের বাসিন্দা আনিচুর রহমান ঘরামী বিএইচএস নিউজকে জানান, শনিবার রাত দেড়টার দিকে তিনি ওই এলাকায় ছিলেন। এ সময় বিস্ফোরণের বিকট শব্দ শুনে তিনি আতঙ্কিত হয়ে দ্রুত এলাকা ত্যাগ করেন।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা বিএইচএস নিউজকে বলেন, বাদামতলা এলাকায় ককটেল বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে থানায় নিষ্ক্রিয় করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে এবং এর পেছনে কোনো রাজনৈতিক বিরোধ আছে কি না, তা এখনো জানা যায়নি। স্থানীয়রা এলাকায় পুলিশের নিয়মিত নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।
