কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার বিকেলে ঝালকাঠি শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।
শহরের সাধনার মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সাধনার মোড়ে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজাদুর রহমান আজাদ খান। বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগের একটি গোষ্ঠী অজ্ঞাত স্থানে মিছিল করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। সাহস থাকলে তাদের রাজপথে আসার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, টুঙ্গিপাড়ায় সংসদ সদস্য জিলানীর বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে। সম্প্রতি বিভিন্ন স্থানে হামলায় দুই কর্মী নিহত হয়েছেন বলেও অভিযোগ করেন তিনি। এ ধরনের কর্মকাণ্ডের পুনরাবৃত্তি হলে স্বেচ্ছাসেবক দল প্রতিবাদে সোচ্চার থাকবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
সমাবেশে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব অ্যাডভোকেট মুশফিকুর রহমান বাবু, সাবেক আহ্বায়ক শফিকুল ইসলাম লিটন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেদায়েতুল ইসলাম সোহেল, যুগ্ম আহ্বায়ক আলী হায়দার মিন্টু, আরিফুর রহমান তুষার, রাকিবুল হাসান সাকী ও মেহেদী হাসানসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
