এইমাত্র
ভোলা

তজুমদ্দিনে বৃদ্ধাকে খুঁটিতে বেঁধে স্বর্ণালঙ্কার ও টাকা লুট

ভোলার তজুমদ্দিনে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় তাঁর ৬৫ বছর বয়সী মাকে ঘরের খুঁটির সঙ্গে বেঁধে রেখে নগদ ৮০ হাজার টাকা ও দেড় ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে মুখোশধারী ডাকাতরা।

রোববার ভোর আনুমানিক ৩টার দিকে উপজেলার কোড়ালমারা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ফকির বাড়িতে আক্তার ফকিরের বসতঘরে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ইয়ানুর বেগম বিএইচএস নিউজকে জানান, ভোর ৩টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে তিনি ঘরের বাইরে যান। পরে ঘরে ফিরে এলে মুখোশ পরা তিন ব্যক্তি তাঁকে মারধর করেন এবং দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করেন। একপর্যায়ে তাঁকে ঘরের খুঁটির সঙ্গে বেঁধে রেখে ঘরে থাকা নগদ ৮০ হাজার টাকা ও দেড় ভরি স্বর্ণালঙ্কার নিয়ে দ্রুত পালিয়ে যান তাঁরা।

ইয়ানুর বেগম আরও জানান, তাঁর ছেলে ক্ষুদ্র ব্যবসায়ী আক্তার ফকিরের বিরুদ্ধে প্রতিবেশী এক ব্যক্তি মব সৃষ্টি করে মিথ্যা অভিযোগে একটি মামলা দিয়েছেন। ওই মামলায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। ছেলের জামিনের জন্য ঘরে ৮০ হাজার টাকা রাখা হয়েছিল, যা ডাকাতরা লুট করে নিয়ে গেছে।

এ বিষয়ে তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বিএইচএস নিউজকে বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।