এইমাত্র
গৌরনদী

গৌরনদীর টরকী বন্দরে বৈদ্যুতিক পণ্যের শোরুমে দুর্ধর্ষ চুরি

বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরে অবস্থিত বিজলী ক্যাবলসের শোরুমে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোরের দল শোরুমের অন্তত আটটি তালা ভেঙে ভেতরে প্রবেশ করে কম্পিউটার, সিসিটিভি ডিভাইস, বিপুল পরিমাণ বৈদ্যুতিক তার ও অ্যাডজাস্ট ফ্যানসহ প্রায় ১৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

শোরুমের ম্যানেজার মো. আব্দুল মতিন জানান, শনিবার (২১ নভেম্বর) রাত ৮টার দিকে প্রতিদিনের মতো শোরুম বন্ধ করে তালা লাগিয়ে তিনি ও অন্যান্য কর্মচারীরা বাড়িতে চলে যান। পরদিন রোববার সকালে মুঠোফোনে শোরুমে চুরির খবর পান তিনি।

চুরির বিষয়ে আব্দুল মতিন বলেন, রাতের কোনো একসময় চোরেরা শোরুমের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে বিভিন্ন মালামাল নিয়ে যায়। প্রাথমিকভাবে ১৭ থেকে ১৮ লাখ টাকার মালামাল চুরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে স্টকের সঙ্গে হিসাব মিলিয়ে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও জানান, এ ঘটনায় গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক হাসান রাসেল জানান, চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।