পটুয়াখালীর বাউফল উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালা কেটে ভেতরে ঢুকে দপ্তরিকে হাত-পা বেঁধে মারধর করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর কাছ থেকে নগদ ১১ হাজার টাকা লুট করে নিয়ে যায় তারা।
শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত ২টা থেকে ৩টার মধ্যে উপজেলার বগা ইউনিয়নের ৫৩ নম্বর শাপলাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী দপ্তরির নাম মো. রাসেল (৩৫)।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলিমা বিএইচএস নিউজকে জানান, রোববার সকালে বিদ্যালয়ে গিয়ে স্থানীয় লোকজন ও দপ্তরি রাসেলের সঙ্গে কথা বলে বিষয়টি জানতে পারেন। তাঁদের ভাষ্য অনুযায়ী, রাতের কোনো একসময় ৪-৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি বিদ্যালয়ের প্রধান ফটকের কেচি গেটের তালা কেটে ভেতরে প্রবেশ করে। পরে দপ্তরি রাসেলের হাত-পা বেঁধে তাঁকে মারধর করে এবং তাঁর কাছ থেকে নগদ ১১ হাজার টাকা নিয়ে যায়।
এ সময় বাইরে লোকজনের কথাবার্তা শুনতে পেয়ে দুর্বৃত্তরা একটি ল্যাপটপ ফেলে রেখেই পালিয়ে যায় বলে জানান প্রধান শিক্ষক।
তিনি আরও জানান, কয়েক মাস আগে বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে কেন্দ্র করে ইভটিজিংয়ের একটি ঘটনা ঘটেছিল। ওই ঘটনার জের ধরে এ হামলা হয়ে থাকতে পারে বলে তাঁর ধারণা। তবে কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
বগা পুলিশ ফাঁড়ির ইনচার্জ জয়নাল আবেদীন বিএইচএস নিউজকে জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষককে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।
প্রধান শিক্ষক জানান, উপজেলা শিক্ষা কর্মকর্তা ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে আলোচনা করে তাঁদের পরামর্শ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
