এইমাত্র
বরিশাল সদর

বরিশাল নগরীতে মাদক ও ধারালো অস্ত্রসহ আটক ৩

বরিশাল নগরীতে অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও ধারালো অস্ত্রসহ তিনজনকে আটক করেছে কাউনিয়া থানা পুলিশ। তাদের মধ্যে একজন চিহ্নিত মাদক কারবারি, অন্য দুজন ক্রেতা বলে জানিয়েছে পুলিশ।

রোববার রাত সোয়া ১১টার দিকে নগরীর ৫ নম্বর ওয়ার্ডের পলাশপুর ১ নম্বর গলি থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— পলাশপুর এলাকার সুমন ওরফে মান্না সুমন, মো. রুহুল সিকদার ও সামির খান। পুলিশের ভাষ্য, মান্না সুমন আইনশৃঙ্খলা বাহিনীর তালিকাভুক্ত মাদক কারবারি।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জহিরুল ইসলাম বিএইচএস নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পলাশপুর কলোনিতে অভিযান চালায় থানা পুলিশ। মাদকের আসর থেকে মান্না সুমনসহ তিনজনকে আটক করা হয়। পরে মান্না সুমনের ঘরে তল্লাশি চালিয়ে ছয় পিস ইয়াবা, একটি চাকু, একটি চায়নিজ কুড়াল এবং মাদক বিক্রির নগদ ২৫ হাজার ৫৫০ টাকা জব্দ করা হয়েছে।

ওসি জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার তাদের আদালতে সোপর্দ করা হবে। মান্না সুমনের বিরুদ্ধে আগেও একাধিক মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।