বুধবার (২৫ নভেম্বর) বরিশালে আওয়ামী সন্ত্রাসীদের নৈরাজ্য নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরী।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযয্ম হোসাইন হেলাল বলেন, পালিয়ে যাওয়া কোনো নেতা ফিরে আসার ইতিহাস নেই, হাসিনাও কখনো আসবে না। শেখ হাসিনাকে অবশ্যই দেশে ফিরিয়ে আনা হবে, সেটা তার বিচারের রায় কার্যকর করার জন্য, রাজনীতি করার জন্য নয়।
তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না করার কারণেই এই অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সর্বদলীয় ঐক্যের মূল ভিত্তি জুলাই সনদ, সেটা বাস্তবায়ন ব্যতীত ঐক্য সম্ভব নয়।
সভাপতির বক্তব্যে মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেন, সরকার দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য কোনো পদক্ষেপ নিচ্ছে না। স্বরাষ্ট্রমন্ত্রী নিজের মন্ত্রণালয় পরিচালনায় চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। অনতিবিলম্বে এই স্বরাষ্ট্রমন্ত্রীকে সরিয়ে যোগ্য স্বরাষ্ট্রমন্ত্রী দিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার দাবি জানান তিনি। প্রয়োজনে গোপালগঞ্জে লংমার্চ করার হুঁশিয়ারিও দেন তিনি।
মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা আতিকুল্লাহ্র সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন মহানগর নায়েবে আমির অধ্যাপক মাহমুদ হোসাইন দুলাল ও মাওলানা মতিউর রহমান এবং ইসলামী ছাত্রশিবিরের বরিশাল মহানগর সভাপতি আতিকুল ইসলাম।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন মহানগর কর্মপরিষদ সদস্য আমিনুল ইসলাম খসরু, বরিশাল জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন, ইসলামী ছাত্রশিবিরের বরিশাল বিশ্ববিদ্যালয় সভাপতি মনিরুল ইসলাম, বরিশাল জেলা সভাপতি সাইয়েদ আহমেদ, মহানগর কর্মপরিষদ সদস্য শামীম কবির, মাহফুজুর রহমান আমিন, মাওলানা শফিউল্লাহ তালুকদার, কোতোয়ালি উত্তর থানা আমির অধ্যাপক আনোয়ার হোসাইনসহ নেতৃবৃন্দ।
