এইমাত্র
বরিশাল সদর

বরিশালসহ তিন জেলায় ডাকাতি করে ঢাকায় ফেরার পথে গ্রেপ্তার ৮

বরিশাল, শরীয়তপুর ও মাদারীপুরের বিভিন্ন এলাকায় ডাকাতি করে ঢাকায় ফেরার পথে আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১০ (এসআরবি-১০)। বুধবার (২৫ নভেম্বর) সকাল ৭টার দিকে দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ধলেশ্বরী টোলপ্লাজায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসআরবি-১০ এর অধিনায়ক মোহা. আসাদুজ্জামান।

এসআরবি-১০ এর অধিনায়ক জানান, গতকাল মঙ্গলবার বিকেল তিনটার দিকে কেরাণীগঞ্জ মডেল থানার কদমতলী এলাকায় একত্রিত হয়ে একটি পিকআপ ভ্যানে করে ডাকাতির উদ্দেশ্যে বরিশালে যান তারা। সেখানে সুবিধা করতে না পেরে শরীয়তপুর ও মাদারীপুরের বিভিন্ন এলাকায় ডাকাতি করে ঢাকায় ফিরছিলেন। পথে ধলেশ্বরী টোলপ্লাজায় তল্লাশির সময় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- জাকির হোসেন (২৫), জাহিদুল ইসলাম সাগর (৩২), মো. হেলাল (৪৫), কালাম খাঁ (৩৭), মো. লিমন মাতবর (২২), মো. শতকত আলী শিকদার (৪০), আলআমিন (৩৮) ও মুন্না (৩০)।

অভিযানে তাদের কাছ থেকে একটি পিকআপ ভ্যান, ১০টি রামদা, একটি করাত, একটি লোহার শাবল, সাতটি টর্চলাইট, পাঁচটি গামছা, একটি মুখোশসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ছাড়া উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে ২০টি মুঠোফোন, একটি ল্যাপটপ, এক জোড়া স্বর্ণের কানের দুল, একটি পাসপোর্ট, একটি জাতীয় পরিচয়পত্র, পাঁচটি বিদেশি হাতঘড়ি, পাঁচটি মানিব্যাগ, একটি চেক বই, বিদেশি মুদ্রা, নগদ ৫৭ হাজার টাকা ও বিদেশি চকলেট।

এসআরবির প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকায় অবস্থান করে পারস্পরিক যোগসাজশে মাদারীপুর, শরীয়তপুর ও বরিশালের বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিলেন। ডাকাতির সময় তারা সড়কের গাছ কেটে প্রতিবন্ধকতা তৈরি করতেন। এসআরবি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে জাকির হোসেনের বিরুদ্ধে ডাকাতির দুটি মামলাসহ মোট চারটি মামলা রয়েছে। কালাম খাঁর বিরুদ্ধে একটি মাদক মামলা, জাহিদুল ইসলাম সাগরের বিরুদ্ধে একটি ডাকাতির মামলা এবং মো. হেলালের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির একটি মামলা রয়েছে।

এদিকে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ইজিবাইকচালক হত্যার ঘটনায় গত ২২ নভেম্বর দক্ষিণ কেরাণীগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও তিনজনকে গ্রেপ্তার করে এসআরবি-১০। তারা হলেন- মো. জুয়েল (৩৯), হারুন মিয়া (৪৪) ও সোহেল রানা (৩৮)। সংবাদ সম্মেলনে এসআরবি-১০ এর অধিনায়ক বলেন, অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতি রয়েছে।