এইমাত্র
ঝালকাঠি

কাঠালিয়ায় প্রাণিসম্পদ সপ্তাহে খামারি ও উদ্যোক্তা হওয়ার আহ্বান এমপি জামালের

ঝালকাঠির কাঠালিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন উপলক্ষে প্রাণিসম্পদ, মৎস্য ও যুব উন্নয়নবিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামাল।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে কাঠালিয়া অডিটরিয়াম ভবনের সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমি রানী বল। এ সময় বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদা আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান এবং কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান।

এছাড়া অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামাল বলেন, প্রাণিসম্পদ, মৎস্য ও যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ গ্রহণ করে তরুণ ও বেকার যুবকদের উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে হবে। মাছ চাষ, গরু-ছাগল পালন এবং হাঁস-মুরগির খামার গড়ে তোলার মাধ্যমে নিজেদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দেশের অর্থনীতিতে অবদান রাখতে হবে।

তিনি আরও বলেন, তাঁর নিজেরও একটি গরুর খামার রয়েছে। তাই অভিজ্ঞতা ও প্রশিক্ষণ কাজে লাগিয়ে সবাইকে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান তিনি। এ ধরনের উদ্যোগের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি করে স্বাবলম্বী হওয়া সম্ভব বলেও উল্লেখ করেন সংসদ সদস্য।