বরিশাল দক্ষিণ জেলা যুবদলের নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছেন বাবুগঞ্জ উপজেলা যুবদলের নেতাকর্মীরা। যুবনেতা মোস্তাফিজুর রহমান টুলুর নেতৃত্বে বাবুগঞ্জের শতাধিক নেতাকর্মী মিছিলে অংশ নেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বরিশালে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে বাবুগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক রকিবুল হাসান খান রাকিব ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রাফিলও অংশ নেন।
নবগঠিত কমিটির অনুমোদন দেওয়ায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা। এ সময় দক্ষিণ জেলা যুবদলের নবগঠিত কমিটির সভাপতি মো. হাবিবুল্লাহ ও সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম মাহফুজসহ নবনির্বাচিত নেতাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
যুবনেতা মোস্তাফিজুর রহমান টুলু বিএইচএস নিউজকে বলেন, বরিশাল দক্ষিণ জেলা যুবদলের নতুন কমিটি অনুমোদন দেওয়ায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছি। তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে যুবদলকে আরও শক্তিশালী করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে বরিশাল দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে প্রত্যাশা করছেন অংশগ্রহণকারী নেতাকর্মীরা।
