এইমাত্র
বাবুগঞ্জ

বাবুগঞ্জে প্রতিকূলতা জয় করে দুই মান্তা তরুণের উচ্চশিক্ষা অর্জন

নদী আর জীবিকার সংগ্রামে বেড়ে ওঠা মান্তা সম্প্রদায়ের দুই তরুণ দারিদ্র্য ও নানা প্রতিকূলতা জয় করে উচ্চশিক্ষা অর্জন করেছেন। তাঁদের এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, পুরো মান্তা জনগোষ্ঠীর জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

বৃহস্পতিবার সকালে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ক্ষুদ্রকাঠি গ্রামে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই দুই তরুণকে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়। বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তাঁদের হাতে সম্মাননা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা।

সম্মাননা পাওয়া দুজন হলেন মো. আবু বক্কর সিদ্দিক ও মো. বায়েজীদ হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন জোবায়েদা আখতার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা ইয়াসমিন এবং রহমতপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সুমন শিকদারসহ মান্তা সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের মানুষ।

বাবুগঞ্জ উপজেলায় প্রায় তিন শতাধিক মান্তা সম্প্রদায়ের মানুষ বসবাস করেন। যুগ যুগ ধরে তাঁদের জীবন-জীবিকার ধরন, আর্থিক অসচ্ছলতা ও নানা প্রতিকূলতা সন্তানদের শিক্ষার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। এমন বাস্তবতায় আবু বক্কর সিদ্দিক ও বায়েজীদ হোসেনের উচ্চশিক্ষা অর্জন নিঃসন্দেহে ব্যতিক্রমী সাফল্য।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা বিএইচএস নিউজকে বলেন, মান্তা সম্প্রদায়ের সন্তানদের এমন অর্জন অত্যন্ত আশাব্যঞ্জক। তাঁদের সাফল্য অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীর সন্তানদের শিক্ষার সুযোগ সৃষ্টি এবং সুন্দর ভবিষ্যৎ নির্মাণে উপজেলা প্রশাসন পাশে থাকবে বলে জানান তিনি।

আবু বক্কর সিদ্দিক বিএইচএস নিউজকে বলেন, নানা প্রতিকূলতা ও সীমাবদ্ধতার মধ্যেও উচ্চশিক্ষা অর্জনের চেষ্টা করেছেন তিনি। উপজেলা প্রশাসনের এই সম্মাননা তাঁদের অনুপ্রাণিত করেছে। তাঁদের সম্প্রদায়ের অন্য সন্তানরাও যেন শিক্ষার আলোয় আলোকিত হতে পারে, সেটাই তাঁদের প্রত্যাশা।