বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর উদ্যোগে পবিত্র সীরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৯টায় নগরীর টাউন হল অডিটোরিয়ামে এ অনুষ্ঠান হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরী আমীর মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান এমপি। বিশেষ অতিথি ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়রপ্রার্থী অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। সঞ্চালনা করেন মহানগর সেক্রেটারি মাওলানা আতিকুল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, গণভোটের রায়কে উপেক্ষা করে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। দেশের প্রায় ৭০ শতাংশ মানুষের মতামতকে উপেক্ষা করে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা সম্ভব নয়। জাতীয় ঐক্যের অন্যতম ভিত্তি হচ্ছে জনগণের মতামতের প্রতি সম্মান প্রদর্শন। গণভোটের গণরায় মেনে নিতে হবে, অন্যথায় প্রকৃত জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হবে না।
তিনি আরও বলেন, গণভোটের রায়কে অগ্রাহ্য করে কোনো আলোচনা বা ঐকমত্যের উদ্যোগ সফল হতে পারে না। গণভোটের গণরায় মেনে না নেওয়া হলে আন্দোলন অব্যাহত থাকবে। আগামী স্থানীয় সরকার নির্বাচনে সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্ব তুলে ধরতে হবে বলেও তিনি মন্তব্য করেন।
বিশেষ অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, রাসুলুল্লাহ (সা.)-এর শিক্ষা শুধু ইবাদত-বন্দেগির মধ্যে সীমাবদ্ধ নয়; ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে তাঁর আদর্শ অনুসরণীয়।
আলোচনা সভা শেষে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত সীরাত গ্রন্থ পাঠ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
