এইমাত্র
গৌরনদী

গৌরনদীতে দুই বাসের সংঘর্ষ, ঘরের ওপর উল্টে পড়ল বাস

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ সময় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের দুটি বসতঘরের ওপর উল্টে পড়ে।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সাউদের খালপাড় ব্রিজ সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গ্রীন লাইন ও বরিশাল এক্সপ্রেস নামে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বরিশাল এক্সপ্রেস বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের দুটি বিদ্যুতের খুঁটি ভেঙে আলমগীর হোসেন ও রুবেল সরদারের ঘরের ওপর উল্টে পড়ে। এতে ঘর দুটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

দুর্ঘটনার সময় ঘর দুটির সদস্যরা দ্রুত সরে যেতে সক্ষম হওয়ায় কেউ হতাহত হননি। তবে বাসের অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। পরে ফায়ার সার্ভিস, থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

গৌরনদী মডেল থানার এসআই মো. জহুরুল ইসলাম বিএইচএস নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।