বরিশালের চরমোনাইয়ে তিন দিনব্যাপী বার্ষিক মাহফিল শুরু হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) বাদ জুমা চরমোনাই মাদরাসা এলাকায় মাহফিলের উদ্বোধনী বয়ান দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
উদ্বোধনী বয়ানে তিনি বলেন, পথভোলা মানুষকে আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া এবং আল্লাহমুখী করাই চরমোনাই মাহফিল প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য। চরমোনাই মাহফিল কোনো দুনিয়াবি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়নি; তাই দুনিয়াবি কোনো উদ্দেশ্য নিয়ে এখানে আসার প্রয়োজন নেই। প্রথমবার আসা মুসল্লিদের উদ্দেশে তিনি বলেন, দুনিয়ার ধ্যান-খেয়াল অন্তর থেকে দূর করে আখেরাতের চিন্তা ধারণ করতে হবে এবং সব সময় আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তর সজীব রাখতে হবে।
উদ্বোধনী বয়ান শেষে তিনি মাহফিলের নিয়ম-কানুন, আদব ও শৃঙ্খলা সম্পর্কে মুসল্লিদের দিকনির্দেশনা দেন। মাহফিলে আগত মুসল্লিদের ইসলামের মৌলিক বিধিবিধান ও নামাজের নিয়ম-কানুন হাতে-কলমে শেখানোর জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। মুসল্লিদের চিকিৎসা নিশ্চিত করতে মাহফিল প্রাঙ্গণে ১০০ শয্যার হাসপাতাল স্থাপন করা হয়েছে।
তিন দিনব্যাপী এ মাহফিলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লিদের পাশাপাশি পীর-মাশায়েখ, ওলামায়ে কেরাম ও ইসলামী ব্যক্তিত্বরা বয়ান করবেন। নির্ধারিত সাতটি মূল বয়ান রয়েছে। আগামী ৩০ নভেম্বর সোমবার ভোরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে মাহফিল শেষ হবে।
