সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের জন্য বরাদ্দ করা স্কুল ফিডিং কর্মসূচির দুধ চুরির অভিযোগে পিরোজপুরের নেছারাবাদে এক ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। অভিযুক্ত মো. নাদিম মাহমুদকে প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সব পদ থেকে বহিষ্কার করেছে পিরোজপুর জেলা ছাত্রদল।
বহিষ্কৃত নাদিম মাহমুদ উপজেলার ১ নম্বর বলদিয়া ইউনিয়ন ছাত্রদলের দপ্তর সম্পাদক ছিলেন। বৃহস্পতিবার রাতে জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহিনের অনুমোদনে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
সংগঠনের বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে ছাত্রদলের নেতা-কর্মীদের বহিষ্কৃত নাদিমের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয় ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, নেছারাবাদ উপজেলার দক্ষিণ বিন্না কাইলান্তরি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে গত শুক্রবার স্কুল ফিডিং কর্মসূচির ৩০ প্যাকেট দুধ চুরির অভিযোগ ওঠে। বুধবার বিষয়টি জানাজানি হলে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
অভিযোগের পর বুধবার সকালে নাদিম মাহমুদ তাঁর দুই বন্ধুকে নিয়ে বিদ্যালয়ে গিয়ে ৩০ প্যাকেটের মধ্যে ২৭ প্যাকেট দুধ ফেরত দেন বলে জানা গেছে। এ সময় দুধ নেওয়ার বিষয়টি স্বীকার করে তিনি দাবি করেন, তাঁরা তিন প্যাকেট দুধ খেয়েছেন।
ঘটনাটি বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি জেলা ছাত্রদলের নজরে আসে। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে নাদিম মাহমুদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।
জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক খালিদ হাসানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বহিষ্কারের সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।