ঝালকাঠির নলছিটি উপজেলার ঐতিহ্যবাহী শীতলপাটিকে ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ শিল্পের সম্ভাবনা, বাজার সম্প্রসারণ ও ঐতিহ্য সংরক্ষণে করণীয় নির্ধারণে মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনে এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রতীক কুমার কুন্ডু। প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। কর্মশালায় ৪০ জন অংশগ্রহণ করেন।
কর্মশালায় বক্তব্য দেন ঝালকাঠি যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আলাউদ্দিন, নলছিটি উপজেলা বিএনপির সভাপতি আনিচুর রহমান খান হেলাল এবং ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর ফারহানা তাবাসসুম। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কর্মশালা চলাকালে শীতলপাটি তৈরির বিভিন্ন ধাপ ও বুনন পদ্ধতি হাতে-কলমে প্রদর্শন করেন এ শিল্পের সঙ্গে জড়িত কারিগররা। এর মাধ্যমে অংশগ্রহণকারীরা ঐতিহ্যবাহী এ শিল্পের উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভ করেন।
কর্মশালায় বক্তারা বলেন, নলছিটির শীতলপাটি এ অঞ্চলের ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। এ শিল্পকে টিকিয়ে রাখতে কারিগরদের যথাযথ মূল্যায়ন, আধুনিক প্রশিক্ষণ এবং উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণ জরুরি। পাশাপাশি শীতলপাটিকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি আদায়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
সভাপতির বক্তব্যে ইউএনও প্রতীক কুমার কুন্ডু বলেন, শীতলপাটির ঐতিহ্য ও সম্ভাবনা তুলে ধরা, জিআই স্বীকৃতি অর্জনের প্রক্রিয়া এগিয়ে নেওয়া এবং উৎপাদন ও বিপণন সম্প্রসারণের পথ খুঁজে বের করাই কর্মশালার মূল উদ্দেশ্য। এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি শীতলপাটি শিল্পের কারিগরদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বক্তারা আরও বলেন, শীতলপাটিকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া সম্ভব হলে এর স্বতন্ত্র পরিচিতি তৈরি হবে। এতে দেশীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও এ পণ্যের চাহিদা ও বিপণনের সুযোগ বাড়তে পারে।
