সোমবার, ১৬ নভেম্বর ২০২৬  |  বরিশাল
এইমাত্র
ভোলা

ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান, চলছে মজুত পরীক্ষা

ভোলায় ‘ভোলা নর্থ-৩’ নামে নতুন একটি গ্যাসকূপের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। নতুন এ কূপ থেকে দৈনিক ২২ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের প্রাথমিক সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আজ রোববার সকালে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে কূপটিতে আগুন জ্বালানোর মধ্য দিয়ে ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি) শুরু করা হয়েছে।

বাপেক্স জানায়, কূপটিতে ৩ হাজার ৫২৬ মিটার গভীরতা পর্যন্ত খনন করা হয়েছে। গত ৯ সেপ্টেম্বর কূপটির খননকাজ শুরু হয়, শেষ হয় ২২ অক্টোবর। ১৪ নভেম্বর পারফোরেশন সম্পন্ন হয়। এবারই প্রথম ভোলা অঞ্চলে খননকাজ করছে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান সিনোপ্যাক। এর আগে রাশিয়ার কোম্পানি গ্যাজপ্রম জেলায় সাতটি কূপ খনন করে।

এ নিয়ে ভোলায় মোট গ্যাসকূপ দাঁড়াল ১০টিতে। জেলায় বর্তমানে তিনটি গ্যাসক্ষেত্র রয়েছে। ভোলায় গ্যাসের মজুত প্রায় পৌনে দুই ট্রিলিয়ন ঘনফুট। নতুন কূপের চূড়ান্ত মজুতের পরিমাণ ডিএসটি শেষে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানিয়েছে বাপেক্স।

এদিকে নতুন কূপে গ্যাস পাওয়ার খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা হোসাইন আল ফারুক, তুহিন ও মিরাজ বিএইচএস নিউজকে জানান, গ্যাস রাষ্ট্রীয় সম্পদ; ভোলার গ্যাস দিয়ে দেশের উন্নয়ন হোক। সে ক্ষেত্রে ভোলা-বরিশাল সেতু নির্মাণসহ তাঁদের দীর্ঘদিনের দাবিগুলো মেনে নেওয়ার জোর দাবি জানান তাঁরা।

আবাসিক গ্যাস সংযোগ, ভোলার গ্যাস ব্যবহার করে শিল্পায়নসহ ছয় দফা দাবি পূরণে প্রধানমন্ত্রীর কাছে কয়েক লাখ মানুষের আবেদন পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য আজ চরফ্যাশনের চর কুকরিমুকরি ইউনিয়ন থেকে গণস্বাক্ষর অভিযান শুরু হয়েছে।