সাবেক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী সামান্তা শারমিন অভিযোগ করেছেন, বরগুনা জেলা ছাত্রলীগের নেতা পরিচয় দেওয়া এক ব্যক্তি তাঁকে ফোনে হুমকি দিয়েছেন।
আজ রোববার দুপুর ১২টা ২৭ মিনিটের দিকে সবুজ খান নামের ওই ব্যক্তি নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের বরগুনা জেলা শাখার নেতা পরিচয় দিয়ে তাঁকে ফোন করেন বলে অভিযোগ করেন সামান্তা শারমিন। ফোনে তিনি অশালীন ভাষা ব্যবহার করেন বলে জানান তিনি।
সামান্তা শারমিন বিএইচএস নিউজকে জানান, ফোনে তিনি ওই ব্যক্তির কাছে তাঁর সুনির্দিষ্ট পদবি জানতে চাইলেও তিনি তা জানাতে অস্বীকৃতি জানান। এ ঘটনায় তিনি ধানমন্ডি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করবেন বলে জানিয়েছেন।
উল্লেখ্য, গত ৫ নভেম্বর সামান্তা শারমিন এনসিপির যুগ্ম সদস্য সচিব পদ থেকে পদত্যাগ করেন। জামায়াতে ইসলামীর সঙ্গে জোট, নির্বাচনী কৌশল, নারী অধিকার ও দলের অভ্যন্তরীণ গণতন্ত্র নিয়ে মতপার্থক্যের কারণে তিনি পদত্যাগ করেন বলে জানা গেছে।
