সোমবার, ১৬ নভেম্বর ২০২৬  |  বরিশাল
এইমাত্র
পিরোজপুর

নেছারাবাদে কিশোরের মরদেহ উদ্ধার, বাবার বিরুদ্ধে হত্যা মামলা

পিরোজপুরের নেছারাবাদে সন্ধ্যা নদী থেকে নিখোঁজ কিশোরের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত কিশোরের নাম সিয়াম (১৩)। সে গুয়ারেখা ইউনিয়নের রাজবাড়ী লঞ্চঘাট এলাকার বাসিন্দা।

জানা গেছে, গত ১২ নভেম্বর বিকেলে বাকপ্রতিবন্ধী বাবা আরিফ রাঢীর সঙ্গে ইলিশ ধরতে গিয়ে নিখোঁজ হয় সিয়াম। পরদিন ১৩ নভেম্বর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। শনিবার সকালে রাজবাড়ী লঞ্চঘাট সংলগ্ন সন্ধ্যা নদী থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

নৌপুলিশের তথ্য অনুযায়ী, কিশোরের মাথা, ঘাড় ও পিঠের পেছনে কোপের মতো জখমের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পিরোজপুরে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।

এ ঘটনায় শনিবার রাতে নিহতের চাচা পলাশ রাঢ়ী বাদী হয়ে বাবা আরিফ রাঢ়ীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ বাবাকে গ্রেপ্তার দেখায়। পরে আজ রোববার সকালে আদালতের মাধ্যমে আরিফ রাঢ়ীকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। পরিবারটি ১৬ বছর ধরে রাজবাড়ী আবাসন প্রকল্পে বসবাস করছে।