বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) সকাল ৯টা বাজলেই ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ভিড়ে চরম ভোগান্তিতে পড়ছেন রোগী ও স্বজনরা। বহির্বিভাগ থেকে শুরু করে আন্তঃবিভাগ, করিডোর ও সিঁড়ি — সর্বত্রই তাদের দখলে। চিকিৎসকের কক্ষের সামনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকা রোগীদের ঠেলে তাদের অবাধ বিচরণে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।
রোববার (১৫ নভেম্বর) সকাল ১০টার দিকে হাসপাতালের মেডিসিন, সার্জারি ও গাইনী ওয়ার্ড ঘুরে দেখা যায়, প্রতিটি ওয়ার্ডের সামনে ১৫ থেকে ২০ জন প্রতিনিধি ভিড় করে আছেন। হাতে ব্যাগ ও ফাইল নিয়ে তারা চিকিৎসকদের কক্ষে ঢুকছেন, আর রোগীদের লম্বা লাইন বাইরে দাঁড়িয়ে থাকছে।
চিকিৎসা নিতে আসা বরিশাল সদরের বাসিন্দা মো. লিয়াকত বিএইচএস নিউজকে বলেন, “সকাল ৮টা থেকে লাইনে দাঁড়িয়ে আছি। ডাক্তার আসার পরেও ভেতরে ঢুকতে পারছি না। একজন বের হয়, আর দুইজন রিপ্রেজেন্টেটিভ ঢোকে। আমরা গরিব মানুষ, আমাদের দেখার কেউ নাই।”
আরেক রোগীর স্বজন লাইজু বেগম বিএইচএস নিউজকে বলেন, ডাক্তারের রুমের সামনে ওষুধ কোম্পানির লোকজনের জন্য দাঁড়াতেই পারছেন না তিনি। হাসপাতাল কি রোগীর, নাকি কোম্পানির লোকের — প্রশ্ন তোলেন তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইন্টার্ন চিকিৎসক বিএইচএস নিউজকে বলেন, “আমাদেরও বিরক্ত লাগে। কিন্তু অনেক সময় ম্যানেজমেন্টের চাপ থাকে। আমরা চাই একটি নির্দিষ্ট সময়ের পর তারা আসুক। সকালের এই ব্যস্ত সময়ে রোগীর চাপ সবচেয়ে বেশি থাকে।”
হাসপাতালের একজন সিনিয়র স্টাফ নার্স বিএইচএস নিউজকে বলেন, “৯টা থেকে ১২টা পর্যন্ত ওয়ার্ডে রোগীর ভিড়, ড্রেসিং, রাউন্ড সব চলে। এর মধ্যেই রিপ্রেজেন্টেটিভরা এসে চিকিৎসকদের ব্যস্ত রাখে। এতে আমাদের কাজেরও ব্যাঘাত ঘটে।”
এ বিষয়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. নাজমুল আহসান বিএইচএস নিউজকে বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। হাসপাতালে রিপ্রেজেন্টেটিভদের প্রবেশের একটি নির্দিষ্ট নীতিমালা আছে। সকালের কর্মব্যস্ত সময়ে রোগীদের ভোগান্তি যাতে না হয়, সে জন্য আমরা দ্রুত ব্যবস্থা নেব। দুপুর ২টার পর ছাড়া কোনো রিপ্রেজেন্টেটিভকে ওয়ার্ডে প্রবেশ করতে দেওয়া হবে না বলে আমরা সিদ্ধান্ত নিতে যাচ্ছি।”
রোগীদের সুষ্ঠু চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে — এমনটাই প্রত্যাশা সচেতন মহলের।
