অবশেষে কারাগারে গেলেন বাকেরগঞ্জের কুখ্যাত প্রতারক, দখলবাজ ও সুদখোর সালাম আকন। বাকেরগঞ্জ থানা পুলিশের মামলায় আদালতে হাজিরা দিতে গিয়ে জামিন না পেয়ে সরাসরি বরিশাল জেলা কারাগারে হাজতবাসে গেলেন সালাম আকনসহ তিন আসামি। আদালত তাদের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের নিউমার্কেট স্বর্ণা প্লাজা দখল ও ডাকাতির চেষ্টার সময় জনতার ধাওয়ায় পালিয়ে যায় সালাম বাহিনী। স্থানীয়রা বলেন, দিনের বেলায় দখল করতে এসেছিল সালাম বাহিনী। মার্কেটের দোকানদার ও সাধারণ মানুষ রুখে দাঁড়ালে জনতার ধাওয়া খেয়ে পালাতে বাধ্য হয় তারা।
ঘটনার পর বাকেরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ইমরান মৃধার অভিযোগ আমলে নিয়ে মামলা দায়ের করা হয়। বাকেরগঞ্জ থানার জিআর মামলা নম্বর ৩৫৬/২৬। এই মামলাতেই রোববার (১৫ নভেম্বর) আদালতে হাজিরা দিতে যান আসামিরা।
আদালতে পাঁচজন আসামির জামিনের আবেদন করা হয়। আসামিদের মধ্যে শুধু নারী আসামিকে জামিন দিয়েছেন আদালত। সালামসহ তিনজনের জামিনের আবেদন নামঞ্জুর করে তাদের বরিশাল জেলা কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
আদালত চত্বরে উপস্থিত সাধারণ মানুষ বলেন, এতদিন মানুষকে ঠকিয়েছে, সুদের জালে ফাঁসিয়েছে, মার্কেট দখল করতে চেয়েছে — আজ তার ফল পেয়েছে।
এলাকার মানুষের অভিযোগ, সালাম শুধু একজন ব্যক্তি নয়, সে একটা বাহিনী। প্রতারণা, সুদের ব্যবসা, জমি দখল ও মার্কেট দখল — সবকিছুতেই কুখ্যাত এই সালাম আকন। একজন ভুক্তভোগী বলেন, সুদের টাকা দিতে দিতে তার জমি গেছে, দোকান গেছে। সালাম জেলে গেছে শুনে মনে হচ্ছে, আল্লাহ মুখ তুলে তাকিয়েছেন।
বাকেরগঞ্জের মানুষ এখন একটাই দাবি করছে — সালামসহ তার পুরো বাহিনীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে আর কোনো সালাম বাকেরগঞ্জে জন্ম না নেয়।
