বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মো. জহিরুল ইসলাম দায়িত্ব নেওয়ার পর মাত্র ১৩ দিনে একের পর এক সাফল্য পেয়েছে থানা পুলিশ। চাঞ্চল্যকর কামরুল হত্যা মামলার রহস্য উদঘাটন থেকে শুরু করে মাদকবিরোধী অভিযান, অপহরণ মামলার ভিকটিম উদ্ধার ও আদালতের ৪৬টি ওয়ারেন্ট নিষ্পত্তি — সব ক্ষেত্রেই উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, গত ২ নভেম্বর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত ১৩ দিনে কাউনিয়া থানা এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করা হয়। ভাটিখানা, রোকেয়া আজিম সড়ক, শায়েস্তাবাদ, জানুকি সিং রোড, কাউনিয়া হাউজিং, মনষা বাড়ির গলি, বেলতলা, মহাবাজ পুল, আলমাদানী সড়ক ও পলাশপুরসহ অপরাধপ্রবণ এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে।
এ সময়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা দায়ের করে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ৪৮ পিস ইয়াবা। পাশাপাশি ১২টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৫ জনের ডোপ টেস্ট করা হয় এবং বিভিন্ন মেয়াদে, সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত সাজা দেওয়া হয়েছে।
কাউনিয়া এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করা কামরুল হত্যা মামলার রহস্য উদঘাটনেও গুরুত্বপূর্ণ সাফল্য পেয়েছে থানা পুলিশ। মামলার এজাহারনামীয় পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো কোচ (টডা), একটি শাবল ও একটি বাটল উদ্ধার করা হয়েছে। এ মামলায় গ্রেপ্তার তিন আসামি আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
আদালতের নির্দেশনা বাস্তবায়নে বিশেষ অভিযানে মোট ৪৬টি ওয়ারেন্ট নিষ্পত্তি করা হয়েছে। এর মধ্যে জিআর তামিল ২০টি, সিআর তামিল ৯টি, জিআর রিকল ৯টি, সিআর রিকল ৬টি এবং জিআর সাজা তামিল দুটি। সাজা তামিল হওয়া দুটি ওয়ারেন্টের একটিতে তিন বছর এবং অপরটিতে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি রয়েছেন।
অপহরণ ও নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারেও তৎপর ছিল থানা পুলিশ। নির্ধারিত সময়ের মধ্যে অপহরণ মামলার দুই ভিকটিম এবং নিখোঁজ থাকা পাঁচজনকে উদ্ধার করা হয়েছে। একই সময়ে ছয়টি নিয়মিত মামলা দায়েরের পাশাপাশি ১৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। চুরি মামলার দুই আসামিকে গ্রেপ্তার করে চোরাই দুটি বাইসাইকেলও উদ্ধার করা হয়েছে।
এছাড়া কাউনিয়া থানাধীন ভাঙ্গার পাড় এলাকায় আলোচিত ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নজরদারি অব্যাহত রয়েছে।
