সোমবার, ১৬ নভেম্বর ২০২৬  |  বরিশাল
এইমাত্র
ভোলা

ভোলায় ইয়াবা ও গাঁজাসহ যুবক গ্রেপ্তার

ভোলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বাংলাদেশ কোস্টগার্ডের যৌথ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ মো. সম্রাট হোসেন মাতাব্বর (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানে তাঁর কাছ থেকে ২৬ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ছাড়া গাঁজা পরিমাপের কাজে ব্যবহৃত একটি ডিজিটাল স্কেল জব্দ করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১৩ নভেম্বর) রাতে ভোলা সদর মডেল থানাধীন ভেদুরিয়া ইউনিয়নের পশ্চিম চরকালী গ্রামের নববী মসজিদের পশ্চিম পাশে একটি বসতবাড়িতে যৌথ অভিযান চালানো হয়। অভিযানের সময় ওই বাড়ি থেকে সম্রাট হোসেন মাতাব্বরকে আটক করা হয়।

তল্লাশির সময় তাঁর পরিহিত জিন্স প্যান্টের ডান পকেটে থাকা হলিউড ব্র্যান্ডের সিগারেটের প্যাকেটের ভেতর নীল পলিথিনে মোড়ানো ২৬ পিস ইয়াবা পাওয়া যায়, যার ওজন ২ দশমিক ৬ গ্রাম। এ ছাড়া একটি পলিথিনের প্যাকেটে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাঁর শয়নকক্ষের খাটের বালিশের নিচ থেকে গাঁজা পরিমাপের একটি ডিজিটাল স্কেল জব্দ করা হয়।

গ্রেপ্তার সম্রাট ভোলা সদর উপজেলার পূর্ব চরকালী গ্রামের মাতাব্বর বাড়ির বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত লোকমান মাতাব্বর এবং মায়ের নাম সীমা আক্তার বকুলী।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ভোলার উপপরিদর্শক মো. তরিকুল ইসলাম বাদী হয়ে ভোলা সদর মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, জেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।