পিরোজপুরের নাজিরপুর উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং বিদ্যমান পরিস্থিতি মোকাবিলায় করণীয় নির্ধারণে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৫টায় নাজিরপুর উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী, নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া শাহনাজ তমা, নাজিরপুর থানার ওসি মো. তরিকুল ইসলাম, নাজিরপুর প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ খান, উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খানসহ জেলা ও উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
সভায় উপজেলার মালিখালীতে গত ১৫ নভেম্বর নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের হামলায় বিএনপির ইউনিয়ন অফিসসহ কয়েকটি দোকান ও বাড়ি পুড়িয়ে দেওয়ায় কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ ওঠে। স্থানীয় বাসিন্দারা তাঁদের সমস্যার কথা জানান; আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে পর্যালোচনা ও আলোচনা হয়।
জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
