এইমাত্র
বরিশাল জেলা

বরিশালে গ্রামীণ ব্যাংকের জোনাল অফিসে অগ্নিসংযোগ, বিএম কলেজের সামনেও আগুন

বরিশাল নগরীতে গ্রামীণ ব্যাংকের জোনাল অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই সময়ে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সামনের সড়কেও পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) ভোররাত সাড়ে ৪টার দিকে এসব ঘটনা ঘটে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বিএইচএস নিউজকে জানান, ভোররাত সাড়ে ৪টার দিকে একদল দুর্বৃত্ত নগরীর সিঅ্যান্ডবি সড়কের পাশে অবস্থিত গ্রামীণ ব্যাংকের জোনাল অফিসে অগ্নিসংযোগ করে। তারা পেট্রোল ঢেলে তিনতলা ভবনের নিচতলায় আগুন ধরিয়ে দেয়। তবে ভবন মালিক ও আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলেন।

ওসি আরও জানান, প্রায় একই সময়ে সাত থেকে আটজনের একটি দল বিএম কলেজের মসজিদ গেটের সামনের সড়কে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। সেখানেও স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ দুটি ঘটনাস্থলই পরিদর্শন করেছে। ঘটনাস্থল দুটির আশপাশে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ফুটেজ বিশ্লেষণ করে জড়িত দুর্বৃত্তদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

ব্যাংকের বরিশাল জোনাল ম্যানেজার শফিউল আজম জানিয়েছেন, আগুনে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

প্রসঙ্গত, গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১০ থেকে ১৬ নভেম্বরের মধ্যে দেশের ১৬ জেলায় ব্যাংকটির ২০টি শাখায় অগ্নিসংযোগ অথবা অগ্নিসংযোগের চেষ্টা চালানো হয়েছে।