দারিদ্র্যের সঙ্গে লড়াই করে উচ্চমাধ্যমিকে জিপিএ-৫ অর্জন করেছেন বরিশালের আগৈলঝাড়া উপজেলার ভ্যানচালকের মেয়ে তিথি বিশ্বাস। তবে পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে তাঁর উচ্চশিক্ষা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। এমন পরিস্থিতিতে তাঁর পাশে দাঁড়িয়েছে বরিশাল জেলা প্রশাসন।
তিথি বিশ্বাস আগৈলঝাড়া উপজেলার বাকাল গ্রামের বাসিন্দা। তিনি আগৈলঝাড়া সরকারি ডিগ্রি কলেজ থেকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে জিপিএ-৫ অর্জন করেন। তাঁর বাবা সুখরঞ্জন বিশ্বাস পেশায় একজন ভ্যানচালক। চার মেয়েকে নিয়ে সংসার চালানোর পাশাপাশি তাঁদের পড়াশোনার খরচ বহন করতে গিয়ে আর্থিক সংকটে পড়তে হয় পরিবারটিকে।
মেধার স্বাক্ষর রেখে এইচএসসি পাস করলেও আর্থিক অসচ্ছলতার কারণে বিশ্ববিদ্যালয়ে ভর্তি, বইপত্র কেনা ও যাতায়াতের খরচ নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তিথি ও তাঁর পরিবার। বিষয়টি বরিশাল জেলা প্রশাসনের নজরে এলে তাঁর উচ্চশিক্ষার পথ সুগম করতে আর্থিক সহায়তার উদ্যোগ নেওয়া হয়।
জেলা প্রশাসক মামুন খন্দকার বলেন, সাধারণ মানুষের কাছ থেকে পাওয়া সহায়তার আবেদনগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে জেলা প্রশাসনের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করা হচ্ছে। বিশেষ করে আর্থিক সংকটের কারণে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন মাঝপথে বন্ধ হয়ে না যায়, সে বিষয়ে জেলা প্রশাসন আন্তরিক।
তিনি আরও বলেন, একজন ভ্যানচালকের মেয়ের জিপিএ-৫ অর্জন এবং তাঁর উচ্চশিক্ষায় জেলা প্রশাসনের সহযোগিতা একটি ইতিবাচক দৃষ্টান্ত। মেধা যেন দারিদ্র্যের কাছে হার না মানে, সেই লক্ষ্যেই তিথির মতো অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের পাশে থাকার উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
জেলা প্রশাসনের এই সহায়তায় উচ্চশিক্ষার স্বপ্ন পূরণের পথে নতুন আশার আলো দেখছেন তিথি ও তাঁর পরিবার।
