পিরোজপুরের নেছারাবাদে ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় লোকজনের ধাওয়া খেয়ে পালিয়ে আসা আট ডাকাতকে ঝালকাঠিতে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ৮টার দিকে ঝালকাঠি পুলিশ লাইনের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে দুজনকে ঝালকাঠির নলছিটিতে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতির ঘটনায় শনাক্ত করা হয়েছে বলে জানা গেছে।
এসআরবি-৮ সূত্রে জানা গেছে, পিরোজপুরের নেছারাবাদ উপজেলার পূর্ব জউসা গ্রামের বাসুদেব দেবের বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন সন্দেহভাজন ব্যক্তিরা। এ সময় স্থানীয় লোকজন তাদের ধাওয়া করলে তারা সেখান থেকে পালিয়ে যান। পরে ঝালকাঠি পুলিশ লাইনের সামনে অভিযান চালিয়ে আটজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— ঝালকাঠি সদর উপজেলার বংকুরা গ্রামের জমিল হাওলাদার, পিরোজপুরের নেছারাবাদ উপজেলার মাদরা গ্রামের রঙ্গলাল হালদার ও ছারছীনা দরবার শরীফ এলাকার ফাহিম, বরিশাল সদর উপজেলার সাগরদী গ্রামের স্বপন শীল, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার গিলাবাদ গ্রামের রাজ্জাক বেপারী, ঝালকাঠি সদর উপজেলার শীরযুগ গ্রামের কামরুল মীর ও বারুহার গ্রামের রাজ্জাক মৃধা এবং পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ঝুনিয়া তেলিখালী গ্রামের সগির আলী।
এসআরবি-৮-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিএইচএস নিউজকে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
