বরিশালের বাবুগঞ্জ ও উজিরপুর উপজেলার বিভিন্ন এলাকায় সুগন্ধা ও সন্ধ্যা নদীর ভাঙন রোধে ৯৩৮ কোটি ২৫ লাখ টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ প্রকল্পসহ মোট ১৬টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মোট ব্যয় ৩৩ হাজার ২৯৮ কোটি ৪৮ লাখ টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ৩২ হাজার ৮৬৩ কোটি ৭৬ লাখ টাকা, প্রকল্প ঋণ থেকে ৪২৪ কোটি ৭৩ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব তহবিল থেকে ১০ কোটি টাকা ব্যয় করা হবে।
সভায় অনুমোদনের জন্য ২১টি প্রকল্প উপস্থাপন করা হয়েছিল। এর মধ্যে ১৪টি নতুন ও দুটি সংশোধিত প্রকল্প অনুমোদন পেয়েছে।
পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে চারটি প্রকল্প অনুমোদন পেয়েছে। এর মধ্যে জামালপুর জেলার ব্রহ্মপুত্র ও জিঞ্জিরাম নদীর ভাঙন প্রতিরোধে ৪৯১ কোটি ৮৫ লাখ টাকা এবং বরিশালের বাবুগঞ্জ ও উজিরপুর উপজেলার বিভিন্ন এলাকায় সুগন্ধা ও সন্ধ্যা নদীর ভাঙন রোধে ৯৩৮ কোটি ২৫ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।
সুগন্ধা ও সন্ধ্যা নদীর ভাঙনে বাবুগঞ্জ ও উজিরপুরের বিস্তীর্ণ এলাকার ফসলি জমি, বসতবাড়ি ও স্থাপনা হুমকির মুখে রয়েছে। গত ১৪ নভেম্বর বাবুগঞ্জের দেহেরগতি ইউনিয়নে নদীভাঙন প্রতিরোধ ও স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধনও করেন স্থানীয় বাসিন্দারা।
সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনসহ সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
