বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ‘পেনশন সংরক্ষণ বিধি-২০২৫’ অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। দীর্ঘদিনের প্রত্যাশিত এ বিধি অনুমোদনের ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে স্বস্তি ফিরেছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা গত ১০ নভেম্বর এক পত্রের মাধ্যমে বিষয়টি জানায়। পত্রে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর বিধিটি অনুমোদন করেছেন। পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুমোদিত বিধির একটি অনুলিপি বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদের উদ্যোগ ও ধারাবাহিক তৎপরতায় এ অনুমোদন পাওয়া সম্ভব হয়েছে।
বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, এ বিধি কার্যকরের মাধ্যমে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অবসরকালীন আর্থিক নিরাপত্তা এবং পেনশন-সংক্রান্ত সুযোগ-সুবিধা নিশ্চিত করার পথ সুগম হবে। তারা এটিকে বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন।
