এইমাত্র
বরিশাল সদর

কাশিপুরে জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও লকডাউন কর্মসূচির প্রতিবাদে বরিশাল নগরীর কাশিপুরে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মো. জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে এ মিছিল বের করা হয়।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বরিশাল নগরীর কাশিপুর এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে আয়োজিত এ মিছিলে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। মিছিলটি মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও লকডাউন কর্মসূচির প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।

মিছিলে জনগণের শান্তি ও নিরাপত্তা বিনষ্টকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন মো. জিয়াউদ্দিন সিকদার। তিনি বলেন, যারা জনগণের জানমালের ক্ষয়ক্ষতি করবে এবং মানুষের নিরাপত্তা বিনষ্ট করার চেষ্টা করবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। জনগণের জানমাল ও নিরাপত্তা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যারা জনগণের ক্ষতি করতে আসবে, তাদের কালো হাত ভেঙে দেওয়া হবে।

তিনি আরও বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা রক্ষায় বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছে। যেকোনো ধরনের নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে নেতাকর্মীরা সোচ্চার ভূমিকা পালন করবেন।