এইমাত্র
বরগুনা

আমতলীতে খাসজমি দখলের অভিযোগে মানববন্ধন

বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম লিমন হাওলাদারের বিরুদ্ধে সরকারি খাসজমি দখল করে চাষাবাদ ও ভূমি কর্মকর্তাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। আমতলী ও কলাপাড়া উপজেলার সীমান্তবর্তী তিয়াখালী নদীর তীরে ধানখালী মৌজায় খাস খতিয়ান নম্বর ১-এর শতাধিক একর জমি দখল করে গত দুই বছর ধরে ধান ও তরমুজ চাষ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

অভিযোগে বলা হয়েছে, তিয়াখালী নদী ভরাট হয়ে যাওয়ায় শতাধিক একর জমি চাষের উপযোগী হয়েছে। সরকারি বরাদ্দ ছাড়াই এসব জমি দখল করে চাষ করা হচ্ছে বলে ভূমি কর্মকর্তারা জানিয়েছেন। গত ৯ নভেম্বর কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসিন সাদিক ঘটনাস্থল পরিদর্শন করে জমিতে লাল পতাকা টাঙিয়ে চাষাবাদে নিষেধাজ্ঞা দেন এবং ফসল সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেন। নির্দেশ অমান্য করে ১১৯৯ নম্বর দাগের ৪০ একর জমিতে তরমুজ চাষের প্রস্তুতি নেওয়া হয়।

বুধবার খবর পেয়ে ধানখালী ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা মো. তারিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে চাষাবাদ বন্ধ করতে গেলে তাঁকে গালিগালাজ ও হেনস্তা করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে নম্বরহাট বাজারে মানববন্ধন করেন স্থানীয়রা; এতে শতাধিক মানুষ অংশ নেন। ধানখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আসাদুজ্জামান আলমগীর হাওলাদার বিএইচএস নিউজকে বলেন, লিমনের নেতৃত্বে জোর করে জমি চাষ করা হচ্ছে এবং বাধা দিতে গিয়ে ভূমি কর্মকর্তাকে হেনস্তা করা হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে লিমন হাওলাদার বলেন, তিনি জমি দখল করেননি এবং ভূমি কর্মকর্তাকে মারধরও করেননি; উল্টো কর্মকর্তা তরমুজের চারা নষ্ট করেছেন বলে তিনি দাবি করেন। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসেন জানান, বিষয়টি তাঁর নজরে এসেছে; অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসিন সাদিক বলেন, নিষেধাজ্ঞা অমান্যকারী ও ভূমি কর্মকর্তাকে হেনস্তাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।