এইমাত্র
বরিশাল সদর

বরিশালে জাপানি ভাষা, উচ্চশিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বরিশালে জাপানি ভাষা শিক্ষা, উচ্চশিক্ষা, কর্মসংস্থান ও জাপানে জীবনযাপনের বিভিন্ন সুযোগ নিয়ে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টায় বরিশাল শিল্পকলা একাডেমিতে কে আর ডে কেয়ার অ্যান্ড স্কুলের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওকাবায়াশি কুনিয়াকি, সৈয়দ মাসুদুর রহমান, তোমোকো ইয়াসুদা, নানাকো নিশিমুরা, রিয়াজ গাজীসহ বিভিন্ন পর্যায়ের অতিথি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

দিনব্যাপী সেমিনারে জাপানের ভাষা, সংস্কৃতি, শিক্ষা ও কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনায় গুরুত্ব পায় জাপানি ভাষা শিক্ষা ও সংস্কৃতি সম্পর্কে ধারণা, জাপানে কর্মসংস্থানের সুযোগ, প্রয়োজনীয় দক্ষতা অর্জন এবং ক্যারিয়ার গঠনের বিভিন্ন দিক।

এ ছাড়া জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ, স্কলারশিপের সুযোগ, কাজের দক্ষতা উন্নয়ন এবং জাপানে বসবাসের নিয়মকানুন ও জীবনযাপন নিয়েও আলোচনা করা হয়।

সেমিনারে জাপানে সফলভাবে অবস্থানরত ও অভিজ্ঞ ব্যক্তিদের সাফল্যের গল্প, বাস্তব অভিজ্ঞতা এবং প্রয়োজনীয় পরামর্শ তুলে ধরা হয়। পাশাপাশি বিশেষজ্ঞদের সঙ্গে সরাসরি প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় জাপানি শিক্ষা ও কর্মজীবনের প্রস্তুতিতে ‘কোকোরোজাশি মেথড’-এর গুরুত্ব নিয়েও আলোচনা করা হয়।

আয়োজকদের মতে, এ ধরনের সেমিনার তরুণ প্রজন্মের মধ্যে জাপানি ভাষা শিক্ষা, উচ্চশিক্ষা ও আন্তর্জাতিক কর্মসংস্থান সম্পর্কে সচেতনতা বাড়ানোর পাশাপাশি ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।