নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনের পর শুক্রবার সকাল থেকে বরিশালের বাস টার্মিনালগুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল (নথুল্লাবাদ) ও রূপাতলী বাস টার্মিনালে ঢাকা, কুয়াকাটা, বরগুনা, পটুয়াখালী ও ভোলাসহ বিভিন্ন রুটের কাউন্টারে টিকিটের জন্য যাত্রীদের দীর্ঘ লাইন দেখা যায়। অনেকেই টিকিট না পেয়ে কাউন্টারে কাউন্টারে ঘুরেছেন। এ সুযোগে যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে।
বরিশাল বাস মালিক সমিতির সভাপতি মোশাররফ হোসেন বিএইচএস নিউজকে বলেন, লকডাউনে বরিশালে কোনো প্রভাব পড়েনি। সকাল থেকে সব রুটের লোকাল ও দূরপাল্লার পরিবহন চলাচল করছে। যাত্রীদের চাপ বেশি থাকায় কাউন্টারে ভিড় বেড়েছে। তবে টিকিটে বেশি ভাড়া নেওয়া হয়ে থাকলে সে বিষয়ে কাউন্টারগুলোকে সতর্ক করা হবে বলে তিনি জানান।
ঢাকাগামী যাত্রী মো. আবির হোসেন বলেন, লকডাউনের মধ্যে রওনা হয়েছেন, কিন্তু কাউন্টারে গিয়ে দেখেন সিট নেই বলে জানানো হচ্ছে; আর টিকিট থাকলেও নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নেওয়া হচ্ছে। অনেক কষ্টে টিকিট পেয়েছেন বলে জানান তিনি। আরেক যাত্রী শারমিন আক্তার বলেন, সকাল থেকে টিকিটের জন্য ঘুরছেন; সব কাউন্টারেই যাত্রীদের প্রচণ্ড ভিড়, মানুষের যাতায়াত থেমে নেই।
কাউন্টার-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, অনেক যাত্রী সকালে একসঙ্গে রওনা দেওয়ায় টিকিটের চাপ বেড়েছে; তবে সব রুটে পর্যাপ্ত গাড়ি চলাচল করছে। এ বিষয়ে বরিশাল বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মোটরযান পরিদর্শক সৌরভ কুমার মুঠোফোনে বিএইচএস নিউজকে বলেন, বাস টার্মিনালগুলোর কাউন্টারে ইতিমধ্যে বেশ কয়েকবার অভিযান পরিচালনা করা হয়েছে; কোনো কাউন্টারের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে অভিযানের সময় বাস টার্মিনালের শ্রমিকেরা বাধা দেন বলে তিনি জানান।
